হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব
ছবি: সংগৃহীত
০১:৩৩ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর মিরপুর মডেল থানায় হওয়া হত্যাচেষ্টার আরেক মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
জান গেছে, এদিন কারাগার থেকে আসামি মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমনপীড়নে আসামি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পরবর্তী সময় তাকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। এসময় রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় একই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন।
এমআই/এসএন