© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে: শহীদ আবু সাঈদের মা

শেয়ার করুন:
রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে: শহীদ আবু সাঈদের মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেছেন, ‘ছেলে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের রায় হয়েছে। কিন্তু এই রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।’

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এ দিকে, শহীদ আবু সাঈদের বড়ভাই আবু রায়হান বলেন, ‘আমার ভাই হত্যার সঙ্গে যারা যারা জড়িত সবার ফাঁসি কার্যকর চাই। তাহলে ভাই হত্যার সঠিক বিচার হবে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া রায়ে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন: এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন।

‎এ ছাড়া রায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডলের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এর আগে দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্য এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ দেয়। তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

কেএন/এসএন 

মন্তব্য করুন