© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

শেয়ার করুন:
আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নাম বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আল্লাহ ভালো জানেন ৭১ সালের ওই চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আমরা যারা আছি, তারা আংশিক সাক্ষী।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল-২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আম খান।

বিদ্যমান আইনের সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা বলতে তাদের বোঝানো হয়েছে, যারা ৭১ সালে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এই সংজ্ঞা থেকে রাজনৈতিক দলগুলোর নাম বাদ দেয়ার দাবি তোলেন বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই বিলে যে প্রস্তাবনা করা হয়েছে, স্বাধীনতার পরের শাসকরা তা আনেননি। এমনকি জিয়াউর রহমান বা পরবর্তী সরকারগুলোও এটি করেনি। এটি অন্তর্ভুক্ত করেছিলেন শেখ হাসিনা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করেছে।’

তিনি আরও বলেন, ‘মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম–এই তিনটি দলের নাম সংজ্ঞায় আনা হয়েছে। আমরা চাই বাংলাদেশ রাজনীতি সুস্থ ধারায় চলুক। আমরা এই জাতিতে আর কোনো বিভক্তি চাচ্ছি না।’
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির বলেন, যারা দেশ ও জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বক্তব্যে বহুদলীয় গণতন্ত্র ও বাকশালের ইতিহাস টেনে তিনি বলেন, ১৯৭৩-এর সংসদ মাত্র সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশালের জন্ম দিয়েছিল। এরপর পঁচাত্তরের পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্পিকার জানান, এই বিলের বিষয়ে এনসিপি কোনো আপত্তি জানায়নি এবং তারা লিখিতভাবে সংসদকে মতামত জানিয়েছে। নির্ধারিত সময়ের আগেই বক্তব্য শেষ করে সংসদকে ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান।

টিকে/

মন্তব্য করুন