মানিকগঞ্জে কালোবাজারে পেট্রোল বিক্রি, পাম্প ম্যানেজারসহ আটক ২
ছবি: সংগৃহীত
০৬:৪২ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
মানিকগঞ্জের শিবালয়ে একটি ফিলিং স্টেশনের নামে আনা প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার অভিযান চালিয়ে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান-কে (৪২) আটক করে থানায় সোপর্দ করেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন রুমী ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে লরিতে করে (ঢাকা-মেট্রো-চ ৪১-০০৩৫) সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল আনা হয়।
তবে পেট্রোল পাম্পে আনলোড না করে পাশ্ববর্তী টেপড়া বাসস্ট্যান্ডে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন প্রধানের দোকানে কালোবাজারে বিক্রি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই রাতে বিষয়টি হাতেনাতে ধরে ফেলে। পরে ইউএনও মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং অভিযোগের সত্যতা পান। এ সময় মামুনের দোকান থেকে ২১ ড্রাম পেট্রোল ও তেলবাহী লরিটি জব্দ করা হয়।
ইউএনও জানান, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে।
এবি/টিএ
এবি/টিএ