© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে টিফিন খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন:
মাদারীপুরে টিফিন খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
মাদারীপুরে বিনামূল্যে দেওয়া সরকারি টিফিনের খাবার খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানান, মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে রুটি, কলা ও ডিম বিতরণ করা হয়। সামান্তা ট্রেডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খাবারগুলো শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হচ্ছিল।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে চর লক্ষ্মীপুর, পোকরারচর, রাজারচর, হাউজদি এবং করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া টিফিনের রুটি, কলা ও ডিম আলামত হিসেবে জব্দ করেন।

এদিকে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিক্ষকরা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের টিফিন হিসেবে বিতরণ করা পাউরুটি ও ডিম খাওয়ার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমআর/টিকে  

মন্তব্য করুন