ডিএসসিসির অভিযানসায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা, গুলিস্তানে ফুটপাত উদ্ধার
ছবি: সংগৃহীত
০৮:২৬ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সায়েদাবাদ বাস টার্মিনাল এবং গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শতাধিক অবৈধ কাউন্টার বন্ধসহ বিপুল পরিমাণ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো এই বিশেষ অভিযান চলে।
অভিযানে টার্মিনালের বাইরে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১০০টি বাস কাউন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুটপাত দখল করে থাকা দীর্ঘদিনের পুরোনো অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।
এর আগে গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ডিএমপি এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বিত সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, টার্মিনালের বাইরে কোনো কাউন্টার থাকবে না। আজকের অভিযান সেই সিদ্ধান্তের কঠোর বাস্তবায়ন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত হকার ও অস্থায়ী দোকানের দখলে ছিল। উচ্ছেদ অভিযানের পর সড়কটি পুনরায় পথচারী ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে।
অভিযান শেষে নগরবাসীকে সতর্ক করে ডিএসসিসির পক্ষ থেকে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির আওতাধীন কোনো শপিং মল বা মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার মালামাল রাখা যাবে না।
দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত সকল মালামাল সরিয়ে নিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং প্রচলিত আইনে জেল-জরিমানা করা হবে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার এই কার্যক্রম কোনো সাময়িক উদ্যোগ নয়, বরং এটি নিয়মিত তদারকির মাধ্যমে অব্যাহত রাখা হবে। উচ্ছেদকৃত স্থানে যাতে পুনরায় দখল না হয়, সে জন্য পুলিশি টহল জোরদার করা হচ্ছে।
এমআর/টিকে