দুর্নীতির মামলায় গাজীপুর সিটির নির্বাহী প্রকৌশলী কারাগারে
ছবি: সংগৃহীত
০২:৫৮ এএম | ১০ এপ্রিল, ২০২৬
দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর আদালতে হাজিরা দিতে গেলে প্রকৌশলীর জামিন আদেশ বাতিল করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তফা কামাল হোসেন জানান।
মামলার বরাতে আইনজীবী বলেন, ইব্রাহিম খলিল জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে আট কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
দুদক এই মামলায় অভিযোগপত্র দিয়েছে। এরপর গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে। একই মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।
দুদক গাজীপুর-নরসিংদী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হোসেন বলেন, এই মামলায় দুজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আরআই/টিকে