© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব শেষ আজ

শেয়ার করুন:
মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব শেষ আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ এএম | ১০ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। এ উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছে পুরো এলাকা। বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব শেষ হবে আজ শুক্রবার (১০ এপ্রিল)।

লাই হারাওবা উৎসবে অংশগ্রহণকারী ভক্তরা পথপরিক্রমা করার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন। কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বাঁশি, ঢাকঢোল বাজিয়ে তাদের নিজস্ব ভাষায় সংগীত পরিবেশন ও মন্ত্র পাঠ করা হয়। সন্ধ্যায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের বাদ্য যন্ত্রের তালে তালে সংগীত ও নৃত্য পরিবেশন করে। প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব লাই হারাওবা। এবারের উৎসবে দেশের প্রথিতযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী-কলাকুশলী, গবেষক অংশ নেন।

বৃহস্পতিরার রাতেও চলে নানা অনুষ্ঠান। উৎসব অনুষ্ঠানে শত শত দর্শক উপভোগ করেন। আয়োজক কমিটি জানান, উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব মণিপুরি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে।

উৎসবটি ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়নে’র আওতায় আয়োজিত হচ্ছে। ইউনেসকো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে এ উৎসবটি উদ্‌যাপিত হচ্ছে।

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি বাংলাদেশের সদস্যসচিব ওইমান লানথই এবং স্টিয়ারিং কমিটি আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, লাই হারাওবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদ্‌যাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং ‘মাইবি জাগোই’-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদের উৎসাহিত করার জন্য উদ্‌যাপন করা হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন