আজ রাত থেকে ৮০ ঘণ্টা ধীরগতি হতে পারে ইন্টারনেট
ছবি: সংগৃহীত
০৮:০৩ এএম | ১০ এপ্রিল, ২০২৬
দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ রাত থেকে আগামী ১৩ এপ্রিল ভোর পর্যন্ত টানা তিন দিন ইন্টারনেটের গতি ধীর হতে পারে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে কুয়াকাটায় স্থাপিত এই কেবলে রক্ষণাবেক্ষণ কাজ ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, যার মোট সময় প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।
এ সময় ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ কার্যক্রম চলায় এই কেবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৪ সচল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।
টিজে/এসএন