© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূষণের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়

শেয়ার করুন:
দূষণের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ এএম | ১০ এপ্রিল, ২০২৬
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান দ্বিতীয়। যা গতকাল ছিল অষ্টম। আজ শহরটির বায়ুমানের স্কোর ১৮৭। যা গতকাল ছিল ১২৭। গতকাল বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ থাকলেও আজ পুরো ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’।

তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৮। বায়ুমানের এই স্কোরও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর কলকাতা ১০১ স্কোর নিয়ে ১২তম অবস্থানে রয়েছে।

শহরটির বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এছাড়া ১৭তম অবস্থানে থাকা ভারতের মুম্বাইয়ের স্কোর ৯৩। এই স্কোর মোটামুটি ভালো।

এদিকে, তালিকার সপ্তম আর অষ্টম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি ও লাহোরের স্কোর ১২৯। শহর দুটিতে দূষণের মাত্রা কম থাকলেও বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

১৪২ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের সাংহাই আর ১১৭ স্কোর নিয়ে ১০তম অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এই দুটি স্কোরও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হলেও অন্য বাসিন্দাদের জন্য ভালো।

অন্যদিকে ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই’র বাতাসও অস্বাস্থ্যকর। একই পরিস্থিতি বিরাজ করছে তার পরের অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোইয়ের বাতাসেও। আর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে থাকা সৌদি আরবের রিয়াদের বাতাসও অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

টিজে/এসএন 

মন্তব্য করুন