বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত
১১:৪৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, জনগণের সঙ্গে প্রতারণাও করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোট মানে না।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে থাকেন তবে তিনি কেন গণভোটের রায় বাস্তবায়ন করছেন না। ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে গণভোট জয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোট অব ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এজন্যই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা ছলে-বলে কৌশলে ফ্যাসিবাদের পথে ফিরে যেতে চায়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসেছি। জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নেয়া হলে রাজপথেই সমাধান হবে।
এসএস/এসএন