© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, গুচ্ছ ভর্তি পরিক্ষার্থী আটক

শেয়ার করুন:
পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, গুচ্ছ ভর্তি পরিক্ষার্থী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং চ্যাটজিপিটি দিয়ে নকল করছিলেন বলে স্বীকার করেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক- ২ এর ৬০৩ নম্বর কক্ষ থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীর মো. ইমন রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর বেলা সাড়ে এগারোটার দিকে পরীক্ষার হলের দায়িত্বে থাকা এক শিক্ষক পরীক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়।

জানতে চাইলে আটক শিক্ষার্থী ইমন বলেন, ‘আমি মোবাইল ফোন নিয়ে আসছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর মিলাতে চেয়েছি। কিন্তু আমি তা করতে পারিনি। আমি স্বীকার করছি যে, আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরীক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়।’

এসএস/এসএন 

মন্তব্য করুন