© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনশনরত শিক্ষার্থীদের বার্তা সরকারের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়া হবে: ঢাবি উপাচার্য

শেয়ার করুন:
অনশনরত শিক্ষার্থীদের বার্তা সরকারের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়া হবে: ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ এএম | ১১ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের বার্তা যথাযথভাবে সরকারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্য চত্বরে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে গিয়ে এমন আশ্বাস দিয়েছেন তিনি।

এদিন অনশনরত শিক্ষার্থীদের দেখতে যাওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থারও খোঁজ-খবর নেন ঢাবি উপাচার্য। এ সময় তিনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সুস্থ থাকুক। কোনো শিক্ষার্থী যেন অসুস্থ না হয়ে পড়ে।

অনশন ভেঙে শিক্ষার্থীরা বাসায় ফিরবে এমন আশা প্রকাশ করে ঢাবি উপাচার্য বলেন, অনশনরত শিক্ষার্থীদের বার্তা সরকারের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়া হবে। জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ সময় শিক্ষার্থীদের সুস্থতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। সেই সঙ্গে উপাচার্য জানান শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাতেও চিকিৎসক দল প্রেরণ করা হয়েছিল।
অনশনরত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়ার সময় ঢাবি উপাচার্য ছাড়াও অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। গত বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচিতে নামেন তিনি। পরবর্তীতে কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাবির আরও কয়েকজন শিক্ষার্থী অনশন কর্মসূচিতে অংশ নেন।

অন্যদিকে বুধবার রাতেই রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাউল হোসাইন আল মারুফ ও আনাস ইবনে মুনীর। সবশেষ শুক্রবার রাতেও অনশন কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা।

আইকে/টিকে

মন্তব্য করুন