© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে আস্থা ফেরাতে প্রয়োজন ধৈর্যের: পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে আস্থা ফেরাতে প্রয়োজন ধৈর্যের: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ১১ এপ্রিল, ২০২৬
ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে আস্থা ফেরাতে ধৈর্যের প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় গণমাধ্যমে দেয়া নিজের প্রথম সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক একেবারে শূন্য থেকে শুরু করছে না। বরং, অভিন্ন নদী, সীমান্ত এবং এমন এক সাংস্কৃতিক নৈকট্যের স্মৃতি থেকে শুরু করছে, যা আনুষ্ঠানিক কূটনীতিকে প্রয়োজনীয় করে তুলেছে। এ সময় ‘ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ দ্বিপাক্ষিক এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৬ মার্চে দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সময় এমনই প্রতিফলন দেখা গিয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় শক্তিশালী সম্পর্কের স্বীকৃতিস্বরূপ দুই প্রতিবেশীর জাতীয় সংগীতের সরাসরি পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা ছিল মনে রাখার মতো একটি মুহূর্ত।

সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লির পরিবেশকে ঐক্যের একটি ক্ষেত্র হিসেবে বর্ণনা করে বলেন, দুই প্রতিবেশী ‘আলোচনা করতে, কথা বলতে এবং উদ্যোগ নিতে ইচ্ছুক’। তিনি বলেন, উভয় পক্ষের স্বাভাবিকীকরণের প্রচেষ্টাই দ্বিপাক্ষিক সম্পর্ককে পরিচালিত করছে। এখন যা প্রয়োজন তা হলো- গতি না বাড়িয়ে ধীরে ধীরে আস্থা তৈরির জন্য ধৈর্য।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া ওই সাক্ষাৎকারে ড. খলিলুর রহমান আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ একসঙ্গে তা কীভাবে মোকাবিলা করে, তা সম্পর্কের পুনর্গঠনের প্রাথমিক সূচকগুলোর একটি হয়ে উঠবে।

আইকে/টিকে

মন্তব্য করুন