চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলার দায়ে ২ যুবকের কারাদণ্ড, একজনকে জরিমানা
ছবি: সংগৃহীত
০৪:২৪ এএম | ১১ এপ্রিল, ২০২৬
ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চুয়াডাঙ্গায় ২ যুবককে কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একই অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত ‘ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন- ডিঙ্গেদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। তাদের দু’জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে একদল যুবক ওই ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় তারা পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই সময় আটক তিনজনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে জেল ও একজনকে জরিমানার আদেশ দেন তিনি। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী শুক্রবার দুপুরে সাজাপ্রাপ্ত দুই যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনস্বার্থে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউটি/টিএ