© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সিগঞ্জে ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি চক্রের ৪ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
মুন্সিগঞ্জে ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি চক্রের ৪ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৬ এএম | ১১ এপ্রিল, ২০২৬
মুন্সিগঞ্জের গজারিয়ায় রুগ্ণ ও বয়স্ক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল গজারিয়া থানার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তি অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করার খবর পেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জবাই করা ঘোড়ার মাংস জব্দ করে তা প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আল-আমিন শিকদারের আবেদনের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি দল অভিযানে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকা থেকে তাদের ৪ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে রুগ্ণ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার কথা স্বীকার করেছে। পরে এসব মাংস ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো।

এছাড়াও এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

এসকে/টিএ

মন্তব্য করুন