৩ জেলায় ২ দিনের সফরে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ১১ এপ্রিল, ২০২৬
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই দিনের সরকারি সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছে এই সফরের কার্যক্রম শুরু হবে।
সফরের উদ্দেশ্য নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর তথা দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।’ তিনি আরও জানান, দারিদ্র্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এ শিল্পের উন্নয়ন হলে গ্রামীণ কর্মসংস্থানের উন্নতি আসবে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সঙ্গে সভা করেন এবং এর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিকনির্দেশনা দেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এছাড়া রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ উন্নত করার লক্ষ্যে স্থানীয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন তিনি। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এই পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে।
সফরের দ্বিতীয় দিন রোববার সকালে দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস লি.-এর কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।
সফরকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে থাকবেন।
কেএন/টিএ