লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ ত্রাণ মন্ত্রী, আনা হচ্ছে ঢাকায়
ছবি: সংগৃহীত
১২:৪৪ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
দুদিনের সফরে লালমনিরহাটে আসার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক তীব্র অসুস্থতা বোধ করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে পুনরায় রাজধানী ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক আজ বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী আজ সকালে নির্ধারিত সফরে লালমনিরহাটের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে নামেন।
সেখানে অবতরণের পর মুহূর্তেই তিনি শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করলে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে।
মন্ত্রীর আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে দুই দিনের সরকারি সফরে আজ সকালে তার লালমনিরহাটে পৌঁছানোর কথা ছিল।
কেএন/টিএ