© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরে বসে পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
ঘরে বসে পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী তার আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই তো করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে, শিক্ষকেরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকেরা সহযোগিতা করে না। তাই আমার বিশ্বাস, আমার টিচাররা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন।’    

তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ডিভাইস বা অন্য কিছু, এইগুলির জন্য তো আমাদের ব্যবস্থা নিতে হবে। এইবার বেশি কিছু করার দরকার নেই। সিম্পলি আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না। এই ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করল, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ওকে ফাইন। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন। রেকর্ডিং থাকবে হাতে। আমি ক্লাসগুলি দেখব শিক্ষকরা কি করেন, ছাত্ররা কি করে। কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে। কোনো বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘এই জন্য আমরা বলেছি প্রতিটি ক্লাসরুমে ক্যামেরা পদ্ধতি থাকতে হবে। তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহী বসে বোর্ড ক্লাসগুলো দেখতে পারবে ক্লাসরুমে ক্লাস হচ্ছে কি না। এখন এই কথা শুনে অনেকে বলছে, ছাত্র-ছাত্রীদের ঘাড় ঘোরাতে দেওয়া যাবে না। কেন? রিল্যাক্স। ঘাড় ঘোরাতে পারবে না এটা তো কোনো কথা না। আমরা বলেছি, ক্লাসরুমে উপস্থিতি থাকে কি না। শিক্ষক ঠিকমতো আসেন কি না, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কি না এগুলিকে আমরা বিবেচনায় আনব। সেই সাথে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে।’
তিনি বলেন, ‘তাহলে আমাদের চিন্তা কমে গেল। আমাদের তো সেই আগের দিন নেই যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে। সেই দিন তো আর নেই। আমি ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারব না কেন? আবার প্রশ্ন উঠেছে, খালেদা জিয়া প্রত্যন্ত অঞ্চলে একটা ক্লাসরুম দেখতে গিয়েছেন। আমাকে সেখানে যেতে হবে কেন?’

শিক্ষাখাতে পর্যায়ক্রমে বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবার প্রধানমন্ত্রী বলেছেন বাজেটে শিক্ষাখাতে পাঁচ পার্সেন্ট দেবেন। হিউজ অ্যামাউন্ট কিন্তু পাঁচ পার্সেন্ট। এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে। কাজে লাগাতে পারছে না। আমি এসে পাঁচ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট- এই টাকা কি খরচ করতে পারব? পারব না। তাই আমরা পর্যায়ক্রমে শিক্ষাখাতের বাজেট বৃদ্ধি করতে চাই।’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।

এর আগে সকালে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী মিলনায়তনে আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের কথা শোনেন।

এবি/টিএ

মন্তব্য করুন