বিশেষ অভিযানে রোহিঙ্গা যুবকসহ আটক ২, পিস্তল-গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত
০৭:২৬ এএম | ১২ এপ্রিল, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে উপজেলার বাগানঘোনা ও চাকডালা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৩ (ব্লক এফ-১)-এর বাসিন্দা মোঃ হোসেনের ছেলে মোঃ ফারুক (২১) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে মোঃ নুরুল আলম (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাগানঘোনা এলাকায় প্রথম অভিযানে ফারুককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ মিমি ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চাকডালা বাজার এলাকা থেকে নুরুল আলমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, 'আয়াতুল্লাহ' নামের এক ব্যক্তির নির্দেশে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে তারা এই অস্ত্রগুলো বহন করছিল। নাইক্ষ্যংছড়ি সদরের একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে এই অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের পরিকল্পনা ছিল তাদের।
আটককৃত ব্যক্তিরা অস্ত্র ও গোলাবারুদসহ বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএস/টিকে