চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ছবি: সংগৃহীত
০৭:৫৬ এএম | ১২ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকার বারাদি থেকে চারটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নেওয়া হচ্ছিল সীমান্তবর্তী এলাকায়। উদ্ধার বারগুলোর ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪৫২ গ্রাম। আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চারটি সোনার বারসহ শ্রী সমর হালদার (২৭) নামের এক চোরাকারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬ (বিজিবি)। সীমান্তের পাঁচ কবর এলাকা থেকে এসব সোনার বার জব্দ করা হয়। আটক পাচারকারী সমর হালদার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে দর্শনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন বারাদি বিওপির একটি টহল দল পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে টহল দল থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পুটলা উদ্ধার করা হয়।
পুটলাটি খুলে চারটি সোনার বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা সোনার বার আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দ করা সোনার বার ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এসএস/টিকে