শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮ লাখ টাকার জ্বালানি তেল জব্দ, আটক ৪
ছবি: সংগৃহীত
০৮:৪১ এএম | ১২ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো. মিলন (২২), একই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) এবং মো. সাব্বিরের ছেলে মো. ফয়েল (১৯)।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। অভিযান চলাকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত জ্বালানি তেল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা-তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএস/টিকে