নদীতে ফুল দিয়ে শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিজু’
ছবি: সংগৃহীত
০৮:৫৯ এএম | ১২ এপ্রিল, ২০২৬
পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই ও বৈসুর বর্ণাঢ্য সূচনা হয়েছে। উৎসবের প্রথম প্রহরেই চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'ফুল ভাসানো' আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই প্রাণের উৎসব।
আজ রবিবার (১২ এপ্রিল) ভোরের আলো ফুটতেই খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবং পুড়িয়া এলাকার চেঙ্গী নদীর তীরে জড়ো হন চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন বয়সী মানুষ হাতে ফুল নিয়ে সমবেত হন এবং একযোগে নদীতে ফুল ভাসিয়ে জানান দেন উৎসবের আগমনী বার্তা।
এই আয়োজনে শুধু চাকমারা নয়, শামিল হয়েছেন মারমা, ত্রিপুরা ও বাঙালি সম্প্রদায়ের মানুষেরাও। নদীর তীরটি যেন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। ফুল বিজুকে ঘিরেই পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায় নিজ নিজ ভাষা ও সংস্কৃতিতে উদযাপন করবেন বিজু, সাংগ্রাই ও বৈসু।
প্রধান এই সামাজিক উৎসবকে কেন্দ্র করে এ সময়টিতে পাহাড়ের পাড়া-মহল্লায় চলবে নানা আয়োজন, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আচার-অনুষ্ঠান-যা পাহাড়ি জনপদকে রাঙিয়ে তোলে সম্প্রীতি ও বৈচিত্র্যের অনন্য বন্ধনে।
এসএস/টিকে