© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকে শুরু করেছি: এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

শেয়ার করুন:
ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকে শুরু করেছি: এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ এএম | ১২ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের ভালুকা আসনের এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ‘গতকাল আমার ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকে যেহেতু শুরু করেছি। সুতরাং, বাকি যারা আছেন, তাদেরকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে, নয়তো ভালো হয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘রাজৈ ইউনিয়নে একটি মাদকচক্র গড়ে উঠেছে এবং মোবাইলে জুয়ার মাধ্যমে এলাকার যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।’

শনিবার (১১ এপ্রিল) নিজের এলাকা ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে জামিরাপাড়া সমিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সর্বক্ষণ এলাকায় থাকেন, আপনাদের কানে সে খবর পৌঁছায় না। আমি মাসে বা বছরে ২-৪ বার এলাকায় আসি, আমার কাছে কিন্তু ওদের তালিকা আছে। কেউ ওদের লালন-পালন করেন, কেউ সেখান থেকে স্বার্থ হাসিল করেন। আর আমার কাছে ভালো কিছু দাবি করেন।

তিনি বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা অবকাঠামোগত উন্নয়ন করলেই মানুষের উন্নয়ন হয় না। মানুষের উন্নয়ন করতে হলে, আগে মানুষের নৈতিক পরিবর্তন আনতে হবে। প্রতিটি মানুষকে সামাজিক সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে। সমাজের অবক্ষয় রোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে রাজৈ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি করে দেওয়া হবে, যাতে এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি, নারী নির্যাতনকারী তৈরি হতে না পারে এবং ইতিমধ্যে যারা তৈরি হয়ে গেছে তারা যেন ভালো হয়ে যায়।

এ সংসদ সদস্য আরো বলেন, ‘স্পষ্ট কথা, রাজৈ ইউনিয়নের এই চক্রকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। তাদেরকে পুলিশে দিয়ে শাস্তির আওতায় আনা হবে।’

এমআই/টিকে

মন্তব্য করুন