© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃত্তি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মাউশির নতুন নির্দেশনা

শেয়ার করুন:
বৃত্তি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মাউশির নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ পিএম | ১২ এপ্রিল, ২০২৬

দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন মেধা ও সাধারণ বৃত্তি এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপের এই বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (ইএফটি) পাঠাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই তথ্য এন্ট্রি ও সংশোধনের প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মাউশি সূত্রে জানা গেছে, রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তি ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, অটিস্টিক ও পেশামূলক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে যারা বর্তমানে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত, তাদের তথ্যও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ভুলভাবে সফটওয়্যারে এন্ট্রি ও সংশোধন করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (একিউএইউ) কামরুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত ভুলের কারণে—যেমন ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা, বৃত্তির অর্থ ফেরত (বাউন্স) গেছে, তাদের তথ্য দ্রুত সংশোধন করতে হবে। এ ছাড়া যেসব বোর্ডবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও এই সময়ের মধ্যে ডাটাবেজে যুক্ত করতে হবে।

নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, বৃত্তির গেজেটের সঙ্গে মিল রেখে এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রি না করলে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শিক্ষার্থীদের সঠিক ব্যাংক হিসাব সচল রাখার বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন