© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শেয়ার করুন:
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় বিশ্ববাজারে সোনার দাম গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডলারের মান বৃদ্ধি এবং তেলের চড়া দামের কারণে বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৭১৮.৯৮ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন দাম।

এ ছাড়া জুনে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪,৭৪২ ডলারে নেমে এসেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, যুদ্ধবিরতির আশা ধাক্কা খাওয়ায় বাজারে ডলার ও তেলের দাম বেড়েছে। তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা সরাসরি স্বর্ণের দাম কমিয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সোনার দাম ১১ শতাংশের বেশি কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও কমেছে বিশ্ববাজারে। এর মধ্যে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একইভাবে প্লাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে, প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় ক্রয়-বিক্রয় চলছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন