© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পীর শামীম হত্যার ঘটনায় মামলা করবে না পরিবার

শেয়ার করুন:
পীর শামীম হত্যার ঘটনায় মামলা করবে না পরিবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা করবে না তার পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়-স্বজন বসে পুলিশ কর্মকর্তাদের সামনেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) নিহত পীর শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বলেন, আমরা পরিবারের সবাই মিলে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বয়স হয়েছে। এসব নিয়ে দৌড়ঝাঁপ করার বয়স আর আমাদের নেই। তাছাড়া যে চলে গেছে তাকে তো আর আমরা ফেরত পাব না। আমরা আর ঝামেলায় জড়াতে চাই না।

তিনি বলেন, গতকাল (রোববার) বিকেলে ভাইকে দাফনের পর রাতে আমরা পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তাও ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা না করার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, পীর শামীম হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি পরিবারের পক্ষ থেকে। পরিবারের সদস্যরা মামলার বিষয়ে এখনো আমাদের কিছু জানাননি। পরিবারের পক্ষে যে কেউ এই হত্যার ঘটনায় মামলা করতে পারেন। যদি কেউ মামলা না করেন তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে মামলা হবে। তিনি আরও বলেন, এখনো এ ঘটনায় কোনো আটক নেই। তবে পুলিশ তার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, মামলার জন্য তার পরিবারের অপেক্ষায় আমরা আছি। তবে উনারা মামলা করবেন না- এমন কথা শোনা যাচ্ছে। 

পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা এখনো পরিবারের অপেক্ষায় আছি। এ ঘটনায় এখনো কোনো আটক নেই।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুরে গত শনিবার দুপুর আড়াইটার দিকে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীর নামে এক পীরের দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। এ সময় পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করে তারা। এ ঘটনায় পীর শামীমকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ কবরস্থানে দাফন করা হয়। 


ইউটি/টিএ

মন্তব্য করুন