জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
জয়পুরহাটে জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলেও তা নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিলন চন্দ্র মণ্ডল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডল, সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, নাবেক কাউন্সলর বাপ্পী, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ওয়ালিউজ্জামান।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে আদালতের নির্দেশে পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ইউটি/টিএ