২ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ
ছবি: সংগৃহীত
০৩:১০ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৩ এপ্রিল) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশিরচরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে নাগেশ্বরীর চৌদ্দঘুড়ি বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ওই দুজন অসাবধানতাবশত সীমানা অতিক্রম করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথ হারিয়ে তারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি জানতে পেরে তাদের পরিবার বিজিবিকে জানায়।
বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে যোগাযোগের পর সোমবার রাত আটটায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭- এস সংলগ্ন শূন্য রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওই দুই যুবককে হস্তান্তর করে বিএসএফ।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরত আসা দুই নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসকে/টিএ