হেফাজতে মৃত্যু: লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত রাজধানীর লালবাগ ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনা হাসপাতালে ভর্তি। এ সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে রিনার চিকিৎসার খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষে বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রীকে দেখতে যান দলটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক পারভেজ রেজা কাকন ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন শাহ মু. আমান উল্লাহ।
তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং চিকিৎসা সহায়তাসহ পরিবারের পাশে থাকার কথা জানান।
এ সময় আরো ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। শেখ হাসিনার আমলে তাকে একটি মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেলহাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন।পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এসএস/টিএ