ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা লেনদেন
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় যেকটি সিকিউরিটিজ দাম কমেছে তার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক বেড়েছে। এসময়ে লেনদেনেও গতি দেখা গেছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ২৬৩ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। সকাল সাড়ে ১০টার দিকে বেশ কিছু শেয়ার দরপতনের তালিকায় নাম লেখায়। পরে সেগুলো থেকে বেলা ১১টায় আবারো অনেকগুলো সিকিউরিটিজ দাম বাড়ার তালিকায় ফিরে আসে।
প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে মোট ৩৯২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৮৭টির, কমেছে ৫১টির দাম, আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট ২৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার পূর্ণ কার্যদিবসে (৪ ঘণ্টায়) এক্সচেঞ্জটিতে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।
আরআই/এসএন