জলকেলি ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি হলো মারমাদের সাংগ্রাই উৎসব
ছবি: সংগৃহীত
১১:২৫ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় রাজার মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী খেলাধুলা, মৈত্রী পানি বর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা।
পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় প্রতিবছর উদযাপন করে এ উৎসব। এটি মারমাদের অন্যতম প্রধান সামাজিক উৎসব।
সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ ছিল মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি।
উৎসবের শেষ দিনে মারমাদের মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বিভিন্ন পাড়া থেকে রাজার মাঠে ভিড় করেন পাহাড়ি-বাঙালিসহ ১১টি জাতিগোষ্ঠীর হাজারো মানুষ।
এ সময় বিভিন্ন পাড়া থেকে আসা মারমা তরুণ-তরুণীরা দল বেঁধে একে অপরকে পানি ছিটিয়ে, নেচে-গেয়ে আনন্দ উদযাপনের মাধ্যমে বিদায় জানান এবারের সাংগ্রাই উৎসবকে।
এছাড়াও শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় বিভিন্ন ঐতিহ্যবাহী গান, পুরোনো দিনের নৃত্য ও পালাগান। শিশু থেকে বৃদ্ধ— সব বয়সী মানুষ নেচে-গেয়ে উৎসবকে বিদায় জানান।
উৎসব সংশ্লিষ্টরা জানান, পাহাড়ে হিংসা-হানাহানি ও সব ধরনের বিভেদ ভুলে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলবে— এমনটাই তাদের প্রত্যাশা।
উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক চ থুই ফ্রু বলেন, ‘আজ মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে মারমাদের সাংগ্রাই উৎসব। আশা করি নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনবে। পুরো বছর ভালো কাটবে, সবাই সুস্থ থাকবে এবং আগামী বছরও আমরা সবাই মিলে একসঙ্গে সাংগ্রাই উদযাপন করতে পারব— এই প্রার্থনা করি।’
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছিল মারমাদের সাংগ্রাই উৎসব।
টিজে/টিএ