© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হতে প্রস্তুত মক্কা, বাংলাদেশি হাজিদের সেবায় ৪০০ কর্মী

শেয়ার করুন:
‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হতে প্রস্তুত মক্কা, বাংলাদেশি হাজিদের সেবায় ৪০০ কর্মী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট। 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক' ধ্বনিতে আবারও মুখরিত হতে যাচ্ছে পবিত্র মক্কা নগরী। এর আগেই মক্কা ও মদিনায় সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিদের বাড়িভাড়ার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি হাজিদের সার্বিক সেবার জন্য ৪০০ হজ কর্মী নিয়োগ দিয়েছে বাংলাদেশ হজ মিশন।

বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম জানিয়েছেন, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে তাঁবু বণ্টনসহ হজের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ। এখন শুধু শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

এদিকে, হাজিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যে হজের আনুষ্ঠানিকতা পালন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। হজের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া সাধারণ প্রবাসীদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরবে আসা সব বিদেশিকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পবিত্র হজ উপলক্ষে সৌদি সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নুসুক (Nusuk) অ্যাপ বা বৈধ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করাসহ বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি সরকারের এসব নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের বেআইনি কাজ থেকে দূরে থাকার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন