© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে তাকে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, মুজিবুল হক চৌধুরী তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে আদালত এ সাজা দেন।

মামলার নথি অনুযায়ী, আসামির মোট অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ ছিল এক কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া যায় এক কোটি ২১ লাখ ২৭ হাজার ৮১৮ টাকার। ফলে অবশিষ্ট ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রামের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলার করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর গত বছরের ৩ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

টিজে/টিএ

মন্তব্য করুন