কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত
১১:৪৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় নৌকাডুবির কবলে পড়া নারী ও শিশুসহ ১১ জন বেসামরিক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী জুরাছড়ি উপজেলা জোন (২ বিওপি)।
বুধবার (১৫ এপ্রিল) রাতে জুরাছড়ি জোন (২ বিওপি)-এর আওতাধীন রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের উত্তর পাশে কারবারি পাড়া এলাকায় স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপ ও সাহসিকতাপূর্ণ এই উদ্ধার অভিযানের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেন জানান, নৌ দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অন্ধকারের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষতা ও তৎপরতায় নৌকায় থাকা সকল যাত্রীকে নিরাপদে পাড়ে তোলা সম্ভব হয়।
সেনা সদস্যদের দ্রুততা, দক্ষতা ও সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাদের এই মানবিক উদ্যোগে নৌকায় থাকা সকল যাত্রী প্রাণে বেঁচে যান বলে জানান তিনি।
উদ্ধার হওয়া যাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা না থাকলে হয়তো আজ আমরা বেঁচে ফিরতে পারতাম না।
সেনাবাহিনীর এই সাহসিকতা ও মানবিকতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
টিজে/টিএ