পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা, রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নিজ জেলা পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে এ ঘোষণা দেন।
জাতীয়তাবাদী দল বিএনপির জেলা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাগপার দলীয় কার্যালয় বকুলতলা এলাকায় যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা জাগপা দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভাঙচুর করে।
সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে জাগপার কেন্দ্রীয় সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড় জেলায় অবাঞ্চিত ঘোষণা করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। আমরা সারাদেশে লজ্জায় পড়ে গেছি। যে তার বাড়ি পঞ্চগড়ে। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন, তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। কিন্তু তিনি তা না করে কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে এর বিচার দাবি করছি। পঞ্চগড়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।
অপরদিকে দলীয় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে জাগপা দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ নেতাকর্মীদের। তবে জাগপার কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলেনি জানিয়ে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা।
জাগপা পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পরে বাক স্বাধীনতা ফিরে পাব। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব জানান, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা করেনি। তারা আমাদের ওপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
ইউটি/টিএ