কৃষির উন্নয়নই আমাদের লক্ষ্য: হুম্মাম কাদের
ছবি: সংগৃহীত
০৫:৫৩ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন হুম্মাম কাদের চৌধুরী এমপি। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ খালটি খনন সম্পন্ন হলে প্রায় ৫শ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে, ফলে উপকৃত হবেন এলাকার বিপুলসংখ্যক কৃষক।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে শিলক মরা খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছেন। কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন বিএডিসির সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ।
হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি এক সময় একটি বিপ্লব ছিল, যা পরবর্তীতে থেমে যায়। সেই অসমাপ্ত উদ্যোগ আবারও বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হচ্ছে। যত বাধা-বিপত্তিই থাকুক, খাল তার গতিতে চলবে, প্রবাহ তার গতিতে থাকবে এটাই জনগণের চাওয়া।
দীর্ঘদিন ধরে স্থবির থাকা এ ধরনের উন্নয়ন কার্যক্রম পুনরায় সচল করতে সবার সহযোগিতা কামনা করেন হুমাম কাদের চৌধুরী। পাশাপাশি কৃষির বহুমুখী উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
এমপি পরে পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী খালের ওপর নির্মিত বক্স কালভার্ট উদ্বোধন করেন তিনি।
আইকে/টিএ