কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না, বিরোধী দলকে স্পিকারের আহ্বান
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
কারণে-অকারণে সংসদ থেকে ওয়াকআউট না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সাথে বিরোধীদলের সাথে সমঝোতার পথ খোঁজার জন্য সরকারি দলের প্রতিও আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, সংসদ ওয়াকআউট বিরোধীদলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘ সময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাঁদের অধিকার হারাবে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে। নতুবা বিদেশে যারা পালিয়ে আছে, তারা ফিরে এসে আবারও দুঃশাসন কায়েম করবে। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। তখন নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। গণতন্ত্র ও মানবাধিকারকে তারা ঝেটিয়ে বিদায় করেছিল।"
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি বলেন, "অবশেষে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করব আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না। কোনো দলই গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না। সাধারণ মানুষের অধিকার যেন সব সময় প্রতিষ্ঠিত থাকে এবং গণতন্ত্র যেন বিরাজমান থাকে—এটিই আমাদের কাম্য।"
মানুষ যেন তাঁদের পছন্দের সরকার বেছে নিতে পারে এবং স্বৈরশাসন যেন আর ফিরে না আসে, সেজন্য সকল রাজনৈতিক দলকে একমত থাকার আহ্বান জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন স্তরের ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ