দ্বিতীয় দিনে চলছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার
ছবি: সংগৃহীত
০৫:২৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি।
শনিবার (১৮ এপ্রিল) দ্বিতীয় দিনের এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে সাক্ষাৎকার গ্রহণের নির্ধারিত সময় দুপুর ৩টার অনেক আগে থেকেই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাক্ষাৎকারে যোগ দিতে নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেছেন নারী নেত্রীরা।
দুইদিনের সাক্ষাৎকার পর্বের দ্বিতীয় দিনে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা।
সাক্ষাৎকার শুরুর আগে নিজ নিজ আসনকেন্দ্রিক প্রতিশ্রুতির পাশাপাশি মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানান নারী নেত্রীরা। দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেয়ার সময় প্রার্থীদের জামানত হিসেবে দিতে হয় ৫০ হাজার টাকা।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
ইউটি/টিএ