© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

শেয়ার করুন:
ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ইমামের মেয়েকে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি। ১৫ বছর বয়সি ওই মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় পুলিশ তাকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ১৫ বছর বয়সি এক মাদরাসাছাত্রীকে অপহরণ করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসন অপহৃত মেয়েটিকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে না পারার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। অপহরণের এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার দেশের মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিতার কারণে দিনে দুপুরে সন্ত্রাসীরা বাবার কাছ থেকে মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া এবং অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

ইউটি/টিএ

মন্তব্য করুন