© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংঘর্ষ নয়, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

শেয়ার করুন:
সংঘর্ষ নয়, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এমন এমন স্লোগান দিচ্ছেন, যদি স্লোগানগুলো উচ্চারণ করতে চাই, তাহলে কালকে এ দেশে সরকারি দল এবং বিরোধী দল মানে বিএনপি ও জামায়াত সাংঘর্ষিক হয়ে যাবে। আমরা সাংঘর্ষিক চাই না। আমরা চাই দেশের গণতান্ত্রিক অবস্থান শক্তিশালী ও মজবুত হোক।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপি অনেক বৃহৎ ও শক্তিশালী দল। সাধারণ মানুষ আমাদের সমর্থক হিসেবে রায় দিয়ে বারবার ক্ষমতায় আনার চেষ্টা করেছে। ১৭ বছর পাইনি। যার কারণে ওনারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আজকে আমরা সেই নির্যাতিতদের পক্ষে কথা বলছি। আমাদের অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। যেভাবে তাদের পরিবারের পাশে হাত বাড়িয়ে দেওয়ার কথা, তা পারিনি। তবে দেওয়ার জন্য প্রকল্প হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা কখনো বলি নাই, গণভোটের গণরায় আমরা জনগণের জন্য করবো না। আমাদের প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন টু দ্যা পয়েন্ট এবং কিছুই যেন নড়বড়ে না হয়, নড়চড় না হয়। যেটা সনদ হিসেবে আমরা সাইন করেছি, প্রত্যেকটা জিনিস আমরা জনগণের কাতারে পৌঁছে দেবো এবং এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিশ্রুতি। কিন্তু এটা নিয়ে আজকে অপব্যখ্যা দিচ্ছে। অনেকভাবে মুখরোচক অনেক কথা বলে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে। আমরা ফ্যাসিবাদ না, আমরা স্বৈরাচার না, আমরা জনগণের রায়ে এসেছি, ভোটে এসেছি। জনগণের সমর্থন নিয়ে এসেছি।

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

আরআই/টিকে

মন্তব্য করুন