© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরে ষষ্ঠ দফায় মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল এলো ভারত থেকে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায় এসব তেল।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে এই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। বিষয়টি পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত থেকে ডিজেল তেল এলো।‌ চলতি মাসে ১১ এপ্রিল আট হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছিল।

এর আগে এই পাইপলাইনের মাধ্যমে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সেখান থেকে রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে।

এদিকে ডিজেল তেলের মত পেট্রোল ও অকটেন তেল সরবরাহ কার্যক্রম বৃদ্ধির দাবি জানিয়েছে গ্রাহকরা।

ইউটি/টিএ

মন্তব্য করুন