© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে: ইশরাক হোসেন

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে: ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
গত ১৭ বছর ধরে রাজনৈতিক স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে বিকৃত করে ব্যক্তিকেন্দ্রিক রূপ দেওয়া হয়েছিল।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এ ধারা থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

নিজেকে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। একইসঙ্গে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব বলে অঙ্গীকার ব্যক্ত করছি।’

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক, একুশে পদপ্রাপ্ত ছড়াকার ও শিশু সাহিত্যিক আবু সালেহ এবং সাংস্কৃতিক সংগঠক মোশারফ আহমেদ ঠাকুর প্রমুখ।


ইউটি/টিএ

মন্তব্য করুন