বরিশালে ৩২০০ লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত
১১:৩১ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বরিশালের গৌরনদী উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ৩২০০ লিটার (ডিজেল, পেট্রোল ও অকটেন) জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গৌরনদী উপজেলার সরিকল বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে উপজেলা প্রশাসন, এনএসআই ও গৌরনদী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে মেসার্স রহমান ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী আব্দুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএসআই সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার ইলেকট্রনিকস দোকানে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি শনিবার বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার খান এন্টারপ্রাইজের নামে মেঘনা অয়েল ডিপো থেকে ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার পেট্রোল ও ২০০ লিটার অকটেন সংগ্রহ করে গৌরনদীতে এনে মজুত করেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপরাধের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
এবি/টিএ
এবি/টিএ