জেনে নিন পাউন্ড কেক তৈরির রেসিপি
ছবি: সংগৃহীত
০৭:৩২ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
কেক এমন একটি খাবার, যেটি প্রায় সব সময়েই খাওয়া যায়। বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে, শিশুর টিফিনে কিংবা ছোট-খাটো ক্ষুধার সমাধান হিসেবে কেক তো খাওয়া হয়ই। সবচেয়ে ভালো হয়, বাড়িতেই কেক তৈরি করে খেতে পারলে। এটি তৈরি করা কঠিন কিছু নয়। অল্পকিছু উপকরণে খুব সহজে ও কম সময়ে তৈরি করতে পারবেন পাউন্ড কেক। চলুন জেনে নেওয়া যাক পাউন্ড কেক তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ময়দা- ১ কাপ
বাটার- ১ কাপ
চিনি- ১ কাপ
ডিম- ৪টি
বেকিং পাউডার- ১ চা চামচ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
লবণ- ১ চিমটি।
যেভাবে তৈরি করবেন
চিনি ও মাখন বিটারের সাহায্যে বিট করে নিন। এরপর তাতে ডিম মিশিয়ে আরও ভালোভাবে বিট করে নিন। শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিয়ে অল্প অল্প করে বিট করে রাখা ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। ভ্যানিলা এসেন্স যোগ করুন। আলতো হাতে মেশাতে হবে। এরপর আগে থেকে বাটার ব্রাশ করে রাখা কেকের মোল্ডের বেকিং পেপারের উপর ঢেলে দিন। কয়েকবার ট্যাপ করে নিন। ওভেনে ১৮০° সে. তাপমাত্রায় ৪৫-৫০ মিনিট বেক করুন। এরপর কাঠি ঢুকিয়ে দেখুন, পরিষ্কার বের হয়ে এলে বুঝবেন কেক তৈরি। নামিয়ে পরিবেশন করুন।
পিআর/টিকে