© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দেশে উৎপাদিত অকটেন কিনছে না সরকার’ এমন সংবাদ সঠিক নয়: বলছে বিপিসি

শেয়ার করুন:
‘দেশে উৎপাদিত অকটেন কিনছে না সরকার’ এমন সংবাদ সঠিক নয়: বলছে বিপিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ এএম | ২০ এপ্রিল, ২০২৬

সম্প্রতি দেশে উৎপাদিত রিফাইনারি থেকে অকটেন কিনছে না বিপিসি শীর্ষক প্রকাশিত এ সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।


রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বার্তায় বলা হয়, প্রতিবেদনে বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ বা না নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যা, তথ্য ভিত্তিক নয়, বরং বাস্তবতার বিপরীত।


বেসরকারি প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের জন্য বিপিসি থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। চলমান পরিস্থিতিতে দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের চাহিদা পূরণের জন্য স্থানীয় উৎসের পাশাপাশি বিদেশ থেকে আমদানি অব্যাহত রাখা হয়েছে।

প্রকাশিত সংবাদে বিপিসি অকটেন ও পেট্রোল উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল সরবরাহ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে গত ৮ এপ্রিল চিঠি দেওয়া হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিপিসি থেকে এ ধরনের কোনো চিঠি প্রেরণ করা হয়নি।

প্রসঙ্গত, দেশীয় উৎস থেকে পর্যাপ্ত অকটেন ও পেট্রোল গ্রহণের সুযোগ রয়েছে। ফলে বিপিসি সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে পণ্য গ্রহণ করছে না মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

এছাড়া চলতি মাসে এখন পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রো পিএলসি থেকে ১১৬১৫ মেট্রিক টন অকটেন, ৭১৭৭ মেট্রিক টন পেট্রোল ও ১২৮৮৪ মেট্রিক টন ডিজেল; এ্যাকোয়া রিফাইনারি লিমিটেড থেকে ২৯১ মেট্রিক টন অকটেন, ৪০১৩ মেট্রিক টন পেট্রোল ও ৫৮১ মেট্রিক টন ডিজেল এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড থেকে ৩২৬৪ মেট্রিক টন অকটেন, ১২৫৪ মেট্রিক টন পেট্রোল এবং ১৮৯৬ মেট্রিক টন ডিজেল গ্রহণ করা হয়েছে যা, চলতি বছরের পূর্ববর্তী মাসগুলোর তুলনায় অধিক। অবশিষ্ট ১১ দিনে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য গ্রহণের সুযোগ রয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন