হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:১৫ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি তার সঙ্গে ছিলেন।
সোমবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টিকা কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গত কয়েক বছর থেকে হামের টিকা দেশে আনা হয়নি। যাদের দায়িত্ব ছিল তারা এটা করেনি। যার ফলে বহু শিশুর প্রাণ ঝরে গেছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ । বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর অতি দ্রুত টিকা সংগ্রহ করেছে এবং দেশব্যাপী টিকা ক্যাম্পেইন এখন চলছে।

এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে হামের টিকা কর্মসূচি পরিদর্শন করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও সরকার এক মাসের মধ্যে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকার আওতায় নিয়ে আসবে।
তিনি আরো বলেন, ১৫ বছরের সরকারের দুর্নীতি ও সব শেষ অন্তর্বর্তী সরকারের ভুলনীতির কারণে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা বলে আর অবশিষ্ট কিছু নেই এখন। যে কারণে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু সরকার দ্রুত সময়োপযোগী পদক্ষেপ নিয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে টিকা শুরু করে। এখন সারাদেশে টিকাদান কর্মসূচি চলছে।

এদিকে প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছান এবং সার্কিট হাউজে অবস্থান নেন। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

গত কয়েক বছর থেকে হামের টিকা দেশে আনা হয়নি। যাদের দায়িত্ব ছিল তারা এটা করেনি। যার ফলে বহু শিশুর প্রাণ ঝরে গেছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ ।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর অতি দ্রুত টিকা সংগ্রহ করেছে এবং দেশব্যাপী টিকা ক্যাম্পেইন এখন চলছে।
টিকে/