ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, বিভ্রান্তিতে পা দেবে না বিএনপি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:১৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দীর্ঘদিনের অপশাসন ও উন্নয়নের নামে মেগা দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কারের নামে যারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের মধ্যে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তবে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার যে ম্যান্ডেট দিয়েছে, তা থেকে দল কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে পা দেবে না।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, গত এক যুগ ধরে মানুষের বাক্স্বাধীনতা হরণ করা হয়েছিলো। মানুষ লড়াই করে তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং ব্যালটের মাধ্যমে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব বিএনপিকে দিয়েছে।
তিনি বলেন, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। বিএনপি যা করবে স্বচ্ছভাবে করবে, এখানে লুকোচুরির কিছু নেই।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা উন্নয়নের নাম করে মেগা দুর্নীতি করেছে এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে। অন্যদিকে বিএনপি ২০১৬ সালেই বেগম খালেদা জিয়ার মাধ্যমে ‘ভিশন ২০-৩০’ এবং পরবর্তীতে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ‘৩১ দফা’ সংস্কার প্রস্তাব দিয়েছিলো। বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আগে সংস্কারের কথা বলেনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে সই করা হয়েছে, তার প্রতিটি শব্দ ও অক্ষর বাস্তবায়ন করা হবে। অথচ কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি প্রশ্ন তোলেন, যারা সংস্কার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা কেন নারী স্বাধীনতা বা প্রশাসন ঠিক করার বিষয়ে কথা বলে না?
তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তাই তাদের বিশ্বাস করা যায় না।
এ সময় প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বিএনপি সরকার খুব শিগগিরই স্বল্প খরচে সাধারণ মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে।
জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
ইউটি/টিএ