কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০
ছবি: সংগৃহীত
০৪:০২ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ (৩৬) ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত রবিউল ইসলাম দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
অন্যান্য আহতরা হলেন- রবিউল ইসলামের বাবা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় রবিউল ইসলাম তার বাড়ির সামনে বসে ছিলেন। এসময় ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্তকারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা সহ ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
টিজে/টিএ