চিফ হুইপকে ব্ল্যাকমেইলের অভিযোগের মামলায় জামিন পেলেন হাসান নাসিম
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক শিবির নেতা ও কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম।
সাইবার সুরক্ষা অধ্যাদেশের ওই মামলায় মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় নাসিমের জামিন আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার তাকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রায়হানুর রহমান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত ওই দিন রিমান্ড আবেদন নামঞ্জুর করে নাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। পরবর্তীতে শুনানির তারিখ পিছিয়ে আজ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্টদের মতে, ডিবির উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নাসিমকে গ্রেপ্তার করে। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছিল, ঘটনার নেপথ্যে কারা ইন্ধন জুগিয়েছে এবং জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও আলামত উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
চিফ হুইপকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ১৮ এপ্রিল (শনিবার) গুলশান থানায় মামলাটি করেন তার একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বাদী দেখতে পান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে।
ওই পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছিল- 'সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ'। পরবর্তীতে ওই আইডি থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতপরিচয় অভিযুক্ত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করে আসছিলেন। বিষয়টি নিয়ে চিফ হুইপের সঙ্গে আলোচনার পর বাদী গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
কেএন/এসএন